সুন্দরবনের নীরব পথে একদিন

বিস্ময়পুর ভ্রমণ পত

বহু বহু দিন হয়ে গেছে সুন্দরবন ভ্রমণ করি না। আজ সকালে ঘুম থেকে উঠে মনটা হুহু করে উঠলো, চারদিক শূন্য মনে হলো। সারারাত ঘুমের ভেতর এক হরিণী ঘুরে বেড়িয়েছে—যাকে আমি চার বছর আগে দেখেছিলাম। নোনা কাদা মাখা পা নিয়ে সর্তকতার সাথে খাদ্যের সন্ধানে হেঁটে চলা সেই নীরব যাত্রা আজ মনে ভেসে উঠলো। উঁচু থেকে সবুজের সমুদ্রকে দেখেছিলাম, দিগন্তরেখার সঙ্গে মিলিয়ে যেতে। আজ হঠাৎ করেই মনের ভেতর ভেসে উঠছে গরান, হেতাল, সুন্দরী গাছের জোয়ারের জলে একটু একটু করে ডুবে যাওয়া দৃশ্য।

সুন্দরবনের জ্যোৎস্না এক অপূর্ব মায়া সৃষ্টি করে। নদীর জলে পড়ে চাঁদের আলো সোনালি রূপ নিতো, আর সুন্দরী গাছের পাতায় প্রতিফলিত হয়ে ভেসে যেত। সেই মুহূর্তে চুপচাপ বসে থাকলেও মনে হতো, পৃথিবীর সব শব্দ কেবল আমার জন্য নীরব হয়ে গেছে। আমাবস্যার রাতে আকাশের দিকে তাকালে মনে হতো, কে যেন অসংখ্য হিরের টুকরো ছড়িয়ে দিয়েছে—হাত বাড়ালেই তুলে নেওয়া যাবে।

গোসাবার সোনাগাঁয়ে আমার জেঠাতো দিদি, বেহুলা থাকে। অনেক নদী পেরিয়ে লঞ্চে করে যেতে হয়। এই যাত্রা পথটাই আমার ভীষণ ভালো লাগে। লঞ্চটি যেন জলের সঙ্গে মিলিয়ে চলে, কতো কতো ঘাট স্পর্শ করে। কখনো কখনো আমি আর দিদি গোসাবার হাটে যাই। এখানে এমন কিছু নেই যা পাওয়া যায় না—হাটের প্রতিটি দিন যেন উৎসব। বহু বহু গাঁ থেকে মানুষ লঞ্চে করে আসে, চারিদিক কোলাহলে মেতে ওঠে। হাটের রঙিন মানুষ, তাদের কন্ঠস্বর, সাজপোশাক—সবই আমাকে আনন্দ দেয়। আমি হাটের মাঝখানে দাঁড়িয়ে শুধু মানুষগুলো দেখার আনন্দে মগ্ন হয়ে থাকি।

হাট থেকে ফিরে আসার পর শুধুমাত্র খাবারের সময় বাদে আমি, আমার দুই ভাগ্নে আবীর আর ছোটু, এবং কাকাতো বোন লতিকা সারাক্ষণ একসাথে থাকি। তঘি আর ছিপ নিয়ে যায় ভাগ্নেরা মাছ ধরতে, আর বোন তাদের মাছ ধরা দেখে। আমি সরাসরি ঘুরে বেড়াই, জোয়ারের ঢেউয়ের তালে তালে দুলছে দূরের জেলে নৌকা। শেকড় উন্মুক্ত করে দিয়ে একটি গড়ান গাছ জলে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে ডুবে যাচ্ছে। লাল কাঁকড়াদের চলাচল দেখি—মানুষের পায়ের শব্দে তারা চুপচাপ গর্তে বসে থাকে।

কাছেই ছোট্ট একটি খড়ের চালা, যেখানে বনবিবি আলো জ্বালিয়ে বসে আছে। তার সামনের দিকে লজের ঘাটের সিঁড়ি নেমে গেছে, যেখানে আমরা সারাদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি। জোয়ারের জলে বউ-মেয়েরা চতুষ্কোণ জাল নিয়ে বাগদা ধরতে ব্যস্ত। বাগদা হল চিংড়ি মাছের ছোট্ট বাচ্চা। দিদিও মাঝে মাঝে নামে, আর আমরা দুই বোন ডাঙায় বসে হাঁড়ি নিয়ে ঝিনুক কুড়িয়ে বাগদা গুনে রাখি। বেহুলা দিদি বিরাট মনের মানুষ—আদরে ও ভালোবাসায় সারাক্ষণ আমাদের আগলে রাখে।

ভাটা হলে আমরা সকলে নদীতে নেমে ঝিনুক, ছোট ছোট শঙ্খ কুড়িয়ে হাত ভর্তি করি। গর্ত করে রাখা জায়গায় মাছ আছে কিনা দেখার পর আবার দূরের সবুজ বন আর বাঁধ ধরে চলে যাই। বাড়ি ফিরে দিদির কাছে আদুরে বকাঝকা খাই।

সুন্দরবনে মানুষের জীবন সহজ কিন্তু কঠিন। গ্রামের জলের কল নোনতা জল দেয়, লাইন ধরে জল নিতে হয়। প্রতিটি বাড়িতে সোলার সিস্টেম আছে, আর দেওয়ালে লেখা “বাঘ বাঁচান। ” মাছ ধরা এখানকার মানুষের প্রধান জীবিকা। আমার দাদাবাবু বহুদিনের জন্য মাছ ধরতে যেতেন। দিদিকে দেখেছি তখন মাথায় তেল দিতো না, সিঁদুর পরত না—কেউ কিছুই পেত না যতক্ষণ না দাদাবাবু ফিরে আসতো। এখানে মানুষের বেঁচে থাকা যেন এক যুদ্ধের মতো।

সুন্দরবন দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলা তেমনি ভয়ানক। দিদি আমাকে কখনো রাতে বাইরে যেতে দিতো না। আমার ইচ্ছে থাকতো নির্জন লজের ঘাটে বসে থাকতে, জোয়ারের ঢেউ শোনা, অদ্ভুত নীরবতা অনুভব করা। দিদির শাশুড়ীমা গল্প শোনাতেন—কীভাবে গ্রামে বাঘ ঢুকে আসে, টিন বাজিয়ে কীভাবে তাড়ানো হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসে ঘুমপাড়ানি দিয়ে বনে ফিরিয়ে নিয়ে যায়। কত মানুষ বাগদা ধরতে গিয়ে কুমিরে টেনে নেওয়া হয়েছে। জঙ্গলে মধু আনতে গিয়ে কত মানুষ আর বাড়ি ফেরেনি। মাঝরাতে কেউ নৌকা নিয়ে গেলে জঙ্গল থেকে ভেসে আসত “বাঁচাও বাঁচাও” চিৎকার। বিষাক্ত সাপের কামড়েও বহু মানুষ মারা গেছে।

গভীর সুন্দরবনে এক বনবিবির মন্দির আছে—জোয়ারের জলে যখন সব ডুবে যায়, তখন বনের সব প্রাণী মন্দিরে উঠে। বাঘ, হরিণ, বুনো শুয়োর, বন মোরগ—সকলে খাদ্য এবং খাদকের সম্পর্ক ভুলে সেখানে আশ্রয় নেয়। আমার শেকড় এই নোনা মাটিতেই, তাই দূরে থেকেও বারবার টান অনুভব করি।

সুন্দরবন শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং মানুষের সাহস, প্রাণবোধ এবং জীবনের টানাপোড়েনও এখানে প্রতিফলিত হয়। জঙ্গলের প্রতিটি শ্বাস-প্রশ্বাসে বেঁচে থাকার লড়াই, নদীর ঢেউয়ের নরম স্পর্শ, ঝিনুক, শঙ্খ, গড়ান—সবকিছু মিশে এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে।

সুন্দরবনের বিস্তীর্ণ নদী আর খালগুলোর বুক চিরে যখন নৌকা ভেসে চলে, চারপাশে শুধু নিস্তব্ধ প্রকৃতি আর পাখির ডাক—তখন মনে হয় যেন এক অন্য জগতে এসে পড়েছি। সবুজ অরণ্যের ফাঁক দিয়ে হঠাৎ দেখা মেলে হরিণের দল, কখনোবা দেখা যায় কুমির কিংবা শ্বাসরুদ্ধ করা মুহূর্তে রয়েল বেঙ্গল টাইগারের পদচিহ্ন। প্রকৃতির এমন অপার সৌন্দর্য অনুভব করার অভিজ্ঞতা ভ্রমণজীবনের অন্যতম সম্পদ হয়ে থাকে।

আপনিও যদি এমন স্বপ্নময় ভ্রমণের সাক্ষী হতে চান, চলে আসুন প্রকৃতির এই রহস্যপুরে। অভিজ্ঞ গাইড আর যত্নশীল আয়োজকরা আপনাকে শুধু সুন্দরবনের রূপ নয়, বরং তার লুকিয়ে থাকা রহস্য, বৈচিত্র্যময় প্রাণীকুল আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেবেন এক অবিস্মরণীয় যাত্রার মাধ্যমে।

About Author
&
Photographer

লেখক : বিপ্লব রাজোয়ার

দ্বিতীয় দশকের কবি।

আলোকচিত্রী: বিপ্লব রাজোয়ার

দ্বিতীয় দশকের কবি।

Subscribe

Find Us On

Comments

YOU MIGHT ALSO LIKE

Subscribe

Get the lastest news and updates from Bismoypur


সব্যসাচী হাজরা

Subscribe

Social widget